শেরপুরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত, আটক ৫
বিকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠি-সোটা নিয়ে ফেকাশুর ওপর হামলা চালায় বলে স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন; এ ঘটনায় আটক হয়েছেন পাঁচজন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার কাংশা বাজারে এ ঘটনা ঘটে বলে ঝিনাইগাতী থানার পরিদর্শক মনিরুল ইসলাম ভূঁইয়া জানান।
নিহত ইমাম আলী ফেকাশু (৪৭) ওই কাংশা গ্রামের প্রয়াত গোলাম মোস্তফার ছেলে।
স্থানীয়দের বরাতে মনিরুল ইসলাম জানান, ওই গ্রামে জমি নিয়ে ইমাম আলী ফেকাশুর সঙ্গে একই গ্রামের প্রতিপক্ষের বিরোধ ছিল। এরই জেরে বৃহস্পতিবার বিকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠি-সোটা নিয়ে ফেকাশুর ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ফেকাশু; আহত হন আরও তিন জন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও পাঁচজনকে আটক করে।
“নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়; এ ব্যাপারে হত্যা মামলার প্রক্রিয়া চলছে,” বলেন পুলিশের এ কর্মকর্তা।
