২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতি দিয়ে সড়কে চাঁদাবাজি, মাহুতসহ আটকের পর মুচলেকায় মুক্তি

ওসি জানান, হাতি দিয়ে চাঁদাবাজির কাজটি করছিলেন পাঁচজন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান চারজন।

হাতি দিয়ে সড়কে চাঁদাবাজি, মাহুতসহ আটকের পর মুচলেকায় মুক্তি

সড়ক থেকে হাতি ও এর মাহুতকে আটক করে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2022, 10:30 PM

Updated : 22 Aug 2023, 09:56 PM

কুমিল্লায় প্রশিক্ষিত হাতি দিয়ে সড়কে গাড়ি থামিয়ে চাঁদাবাজির সময় একটি হাতিসহ মাহুতকে আটক করে পুলিশ; ভবিষ্যতে এ কাজ না করার মুচলেকা নিয়ে ছাড়া হয়।

শুক্রবার বিকালে আটকের পর রাত ১১টার দিকে হাতিসহ মাহুত ছাড়া পান বলে শনিবার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান।

এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানান, শুক্রবার বিকালে কুমিল্লা সদর দক্ষিণের রাজাপাড়া সড়কের মাঝখানে হাতিটিকে দাঁড় করিয়ে অটোরিকশা, ট্রাক, মাইক্রোবাস ও প্রাইভেট কার থামিয়ে চাঁদা আদায় করা হচ্ছিল। বিষয়টি ভুক্তভোগী ও স্থানীয়রা প্রশাসনের ‍ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। কিছুক্ষণ পর ওই থানার ইপিজেড ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে যায়।

ওসি দেবাশীষ জানান, হাতি দিয়ে চাঁদাবাজির কাজটি করছিলেন পাঁচজন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন পালিয়ে যান। হাতি ও এর পিঠে বসে থাকা মাহুতকে আটক করে ফাঁড়িতে নেওয়া হয়।

“পরে পুলিশ সুপার স্যারের নির্দেশে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার শর্তে মুচলেকা নিয়ে রাতে হাতিসহ মাহুতকে ছাড়া হয়।”

কুমিল্লা সামাজিক বন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, “বন্যপ্রাণী দিয়ে চাঁদাবাজি করা একটি দণ্ডনীয় অপরাধ।”

যারা এসব করেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি মনে করেন বন বিভাগের এ কর্মকর্তা।