Published : 20 Sep 2026, 05:27 PM
রাঙামাটির কাপ্তাই উপজেলায় ঘুরতে এসে কর্ণফুলী নদীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।
রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার সীতার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কাপ্তাই ইউনিয়ন পরিষদের সদস্য মো. সরোয়ার হোসেন জানান।
নিখোঁজ সাজিদ শাহারিয়ার সানম (২৪) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নাছির উদ্দীনের ছেলে।
নিখোঁজ শিক্ষার্থীর বন্ধু সাইফুল ইসলাম বলেন, ঢাকা থেকে আসা নয়জনের একটি দল সকালে সীতার পাহাড়ে ওঠেছিলেন। পাহাড় ভ্রমণ শেষে নদীতে হাত-মুখ ধোয়ার জন্য ঘাটে নামলে মুহূর্তের মধ্যে সানম স্রোতে তলিয়ে যান। স্থানীয়ভাবে চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
বর্তমানে কাপ্তাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
কাপ্তাই ইউনিয়ন পরিষদের সদস্য মো. সরোয়ার হোসেন বলেন, “সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে ছুটে আসি। ফায়ার সার্ভিস ও ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীর কোনো সন্ধান পাওয়া যায়নি।”