সাতক্ষীরায় ‘বৃষ্টির পানি’ দিয়ে রান্না, খাবার খেয়ে ১৬ মাদ্রাসাছাত্রী হাসপাতালে
মঙ্গলবার রাতে খাবার খাওয়ার পর বমি, পেট ব্যথা ও পাতলা পায়খানা শুরু হয় ছাত্রীদের; বুধবার দুপুর পর্যন্ত ১৬ জন অসুস্থ হন।
সাতক্ষীরার কলারোয়ায় বৃষ্টির পানি দিয়ে রান্না করা খাবার খেয়ে একটি মহিলা মাদ্রাসায় ১৬ ছাত্রী অসুস্থ হয়েছেন।
বুধবার দুপুরে তাদের কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে ওই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামান জানান।
অসুস্থরা সবাই কলারোয়ার কলাগাছি মোড়ের মাদ্রাসাতুল বানাত আস সালাফিয়্যাহ কওমি মহিলা মাদ্রাসার ছাত্রী।
মাওলানা অহিদুজ্জামান বলেন, “মঙ্গলবার রাতে মাদ্রাসার বাবুর্চি বৃষ্টির পানি দিয়ে ভাত ও তরকারি রান্না করেন। এ খাবার খাওয়ার পর গভীর রাতে দুইজনের ও পরে বুধবার দুপুর পর্যন্ত একে একে মোট ১৬ জনের বমি, পেট ব্যথা ও পাতলা পায়খানা শুরু হয়। দুপুরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।”
‘ফুড পয়জনিংয়ের’ কারণে এমনটা হয়েছে জানিয়ে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কানিজ ফাতেমা বলেন, “তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে; কয়েকজনের অবস্থা শঙ্কামুক্ত নয়।”
