২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় কভার্ড ভ্যানে ধাক্কা দিয়ে ট্রাকের নিচে বাইক, প্রাণ গেল ২ বন্ধুর

দুর্ঘটনার সময় পেছনের গাড়িতে থাকা ক্যামেরায় পুরো দৃশ্যটি রেকর্ড হয়েছে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

কুমিল্লায় কভার্ড ভ্যানে ধাক্কা দিয়ে ট্রাকের নিচে বাইক, প্রাণ গেল ২ বন্ধুর
ভিডিও থেকে নেওয়া ছবি।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2024, 01:36 PM

Updated : 10 Sep 2026, 12:20 PM

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির মোটরসাইকেল কভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেওয়ার পর ট্রাক চাপা পড়ে নিহত হয়েছেন দুই যুবক। আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার বিকালে মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের ছামচেড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মিয়া বাজার হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন। 

নিহতরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনপুর তারাপুস্করণী এলাকার সহিদ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২৫) এবং একই উপজেলার জয়নগর এলাকার বাবুল মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২৩)। গুরুতর আহত হয়েছেন রায়হান। তারা তিনজনই পরস্পরের বন্ধু। 

এদিকে দুর্ঘটনার সময় পেছনের গাড়িতে থাকা ক্যামেরায় পুরো দৃশ্যটি রেকর্ড হয়েছে। এরই মধ্যে ভিডিওটি ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিও থেকে নেওয়া ছবি।

ভিডিও থেকে নেওয়া ছবি।

ভিডিওতে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মোটরসাইকেলে যাচ্ছেন তিনজন যুবক, কারও মাথায়ই হেলমেট নেই। দ্রুত গতিতে চলা বাইকটি হঠাৎ একটি কভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়েন তিন আরোহী। এ সময় পেছনে থাকা একটি চলন্ত ট্রাক তাদের চাপা দেয়। 

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি শাহাদাত হোসেন বলেন, শুক্রবার বিকালে দেলোয়ার হোসেনসহ তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে চৌদ্দগ্রামের দিকে যাচ্ছিলেন। মহাসড়কের লালবাগ সংলগ্ন ছামচেড়ি এলাকায় দুর্ঘটনার সময় তাদের মোটরসাইকেলটির অনেক গতি ছিল। 

দুর্ঘটনায় ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন মারা যায়। গুরুতর আহত অপর দুইজনকে স্থানীয় উদ্ধাররা করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর সাগর মিয়াও মারা যান।  

শুক্রবার রাতে কুমিল্লা মেডিকেলের জরুরি বিভাগে কর্মরত রুবেল হোসেন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় সাগর ও রায়হানকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যু হয়। রায়হানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশের কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, এর মধ্যে আইনি প্রক্রিয়া শেষে দেলোয়ারের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।