২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটের প্রচারে বেরিয়ে প্রার্থী ‘নিখোঁজ’, স্বামীর জিডি

নিখোঁজ প্রার্থী প্রীতি বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2024, 09:36 PM

Updated : 26 Aug 2026, 09:40 AM

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারে বেরিয়ে এক মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নিখোঁজের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বুধবার সকালে নিখোঁজ প্রার্থী প্রীতি খন্দকার ওরফে হালিমা আক্তারের স্বামী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান বিজয়নগর থানার ওসি আসাদুল ইসলাম।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে ৫ জুন বিজয়নগর উপজেলার ভোটগ্রহণ হবে। এই নির্বাচনে প্রীতি খন্দকার ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

প্রীতি খন্দকারের স্বামী মাসুদ বলেন, “সার্ভার ত্রুটির কারণে প্রীতির মনোনয়ন জমা দিতে সমস্যা হয়। পরে হাই কোর্ট থেকে প্রার্থিতা ফিরে পান তিনি। আদালতে যাওয়ায় নির্বাচনি এলাকায় সময় কম দিয়েছেন প্রীতি। এ জন্য প্রীতি দিনরাত ভোটের মাঠে সময় দিচ্ছিলেন।

“মঙ্গলবার দুপুরে দুইজন সহযোগীকে নিয়ে প্রীতি উপজেলার হরষপুর ইউনিয়নে নির্বাচনি প্রচারে যান। ওই ইউনিয়নের ঋষি পাড়ায় ঢুকে প্রচার করার সময় দুজন নারী বাইরে আসেন আর প্রীতি ভোটারদের সঙ্গে ভেতরে কথা বলছিলেন।

সেখানে ২০ মিনিট পার হলেও যখন প্রীতি বের হচ্ছিলেন না, তখন ওই দুজন নারী ভেতরে গিয়ে আর তাকে পাচ্ছিলেন না বলে দাবি করেন মাসুদ।

তিনি বলেন, “অনেক খোঁজাখুঁজির পর প্রীতিকে না পেয়ে বিজয়নগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ থানায় অবগত করি। রাত ১২টার পর রিটার্নিং কর্মকর্তা থানায় জিডি করতে বলেন।

“রাত ১২টার থানায় গেলে বিজয়নগর থানায় ওসি বলেন, ‘সকালে জিডি করতে।’ বুধবার সকাল ১১টায় থানায় জিডির কাগজ জমা দিয়েছি।”

প্রতিপক্ষের লোকজন ঈর্ষান্বিত হয়ে প্রীতিকে গুম করেছে বলে অভিযোগ করেন তিনি।

বিজয়নগরের ইউএনও সৈয়দ মাহাবুবুল হক বলেন, “নিখোঁজের বিষয়টি প্রার্থীর স্বামী জানিয়েছেন। তাকে থানায় যোগাযোগ করতে বলেছি।”

ওসি আসাদুল ইসলাম বলেন, নিখোঁজ প্রার্থীর স্বামী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তার সন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।