১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মাদারীপুরে হত্যা মামলায় ৩ ভাইয়ের যাবজ্জীবন

জমির বিরোধে ২০১৪ সালের ৫ জুলাই সেকান্দার আলী হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Sep 2026, 04:45 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

মাদারীপুরের রাজৈর উপজেলায় সেকান্দার আলী হাওলাদার হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া একজনের সাত বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নাহিদুর রহমান নাহিদ আসামিদের অনুপস্থিতিতে এই রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এমারত হোসেন খান জানিয়েছেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বাসাবাড়ি এলাকার গফুর হাওলাদারের তিন ছেলে লিটন হাওলাদার, টিটন হাওলাদার, বাচ্চু হাওলাদার।

সাত বছরের দণ্ডপ্রাপ্ত আতিয়ার হাওলাদারও গফুর হাওলাদারের ছেলে।

মামলার বরাতে আইনজীবী বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০১৪ সালের ৫ জুলাই বাড়ি ফেরার পথে বাসাবাড়ি ব্রিজের কাছে আাসামিরা সেকান্দার আলী হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে তিনি মারা যান। 

নিহতের ভাই ইলিয়াস হাওলাদার বাদী হয়ে রাজৈর থানায় একটি হত্যা মামলা করেন। ২০১৬ সালের ৩০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেয় সিআইডির পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম।

আইনজীবী এমারত হোসেন খান বলেন, মামলায় ১৪ জনকে খালাস দেওয়া হয়েছে।