২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাচ্ছিলেন স্বজনের লাশ নিয়ে, পথে ঝরল দুজনের প্রাণ

অ্যাম্বুলেন্সের চালক আহত হলেও তিনি পালিয়ে যান বলে জানান কুমিল্লার মিয়াবাজার হাইওয়ে থানার সার্জের্ন্ট সাকলাইন।

যাচ্ছিলেন স্বজনের লাশ নিয়ে, পথে ঝরল দুজনের প্রাণ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও লরির মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2025, 08:58 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও লরির মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। 

শনিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার বাতিসা এলাকায় এ ঘটনা ঘটে বলে মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মো. সাকলাইন।

নিহতরা হলেন- চট্টগ্রামের ভুজপুর থানার কাজিরহাট গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ওসমান গণি এবং একই গ্রামের ফুল মিয়ার ছেলে বাবুল মিয়া।

পরিবার ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, এক স্বজনের লাশ নিয়ে ওসমান ও বাবুল ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রামের গ্রামের বাড়ি যাচ্ছিলেন। বাতিসা এলাকায় অ্যাম্বুলেন্সটি একটি লরির পেছনে সজোরে ধাক্কা দেয়।   

এতে ঘটনাস্থলেই ওসমান গণি মারা যান। বাবুলকে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পথে বাবুল মিয়া মারা যান। 

এর মধ্যে অ্যাম্বুলেন্সের চালক আহত হলেও তিনি পালিয়ে যান বলে জানান মিয়াবাজার হাইওয়ে থানার সার্জের্ন্ট সাকলাইন। তিনি বলেন, অ্যাম্বুলেন্স ও লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইন প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।