‘আর বাঁচবো কিনা জানি না, তাই শেষ ভোট দিতে এসেছি’
জেলার ভাঙ্গা ও সদরপুর উপজেলায় মোট আটজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
“আমার এই বয়সে মেলা বার ভোট দিছি। কোনো সময় আমার পছন্দের প্রার্থী জিতছে, আবার ঠগেও গেছে। হ্যানে যে বয়স হইছে আমার, তাতে মনে হয় এটাই শেষ ভোট, আর বাঁচবো কিনা জানি না।”
কথাগুলো বলছিলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের মাঠবাড়ি গ্রামের ৭৫ বছর বয়সি আজাহার মুন্সী। বয়সের ভারে অনেকটা নুয়ে পড়েছেন তিনি।
বয়স্ক এই ভোটারের সঙ্গে কথা হয় উপজেলার গঙ্গাধরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রাঙ্গণে।
তিনি বলেন, “দোয়া করি যারে ভোট দিলাম, তারে যেনু আল্লাহ পাস করায়।”
তিনি ভোট দেওয়া শেষ করে কেন্দ্র থেকে বের হতে তাকে সহযোগিতা করছিলেন আনসার বাহিনী ও পুলিশ সদস্যরা। তার হাত ধরে আস্তে আস্তে করে তাকে ব্যাটারি চালিত ইজিবাইকে তুলে দেন তারা।
এই কেন্দ্রটিতে বয়স্ক আজাহার মুন্সির মতো অনেকেই ভোট দিতে এসেছেন। সুষ্ঠু ভাবে ভোট দিতে পেরে তারা খুশি।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত ফরিদপুরে ভাঙ্গা ও সদরপুর উপজেলায় ভোট গ্রহণ চলছে।
সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে ভোটার উপস্থিতি একেবারেই কম। তবে শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা গেছে চোখে পড়ার মতো।
অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান বলেন, দুটি উপজেলাতে আটজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোট কেন্দ্র রয়েছে ১৬৭টি।
নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।
