২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় দোহার-নবাবগঞ্জের ৫ প্রবাসী নিহত

তারা সবাই সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে একই কোম্পানিতে কর্মরত ছিলেন।

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2024, 01:16 AM

Updated : 26 Aug 2026, 09:57 AM

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনা পর গাড়িতে বিস্ফোরণে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার পাঁচ প্রবাসী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তার। 

নিহতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার বালেঙ্গা গ্রামের শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম (৩৫), আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ (৩২),  লুৎফর রহমানের ছেলে মো. রানা (৩০), শেখ ইরশাদের ছেলে মো. রাজু (২৪), এবং দোহার উপজেলার দোহার বাজার এলাকার মো. মঞ্জুর ছেলে মো. হিরা মিয়া (২২)। 

তারা সবাই সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে একই কোম্পানিতে কর্মরত ছিলেন। 

নিহতদের স্বজনদের বরাতে ইউপি চেয়ারম্যান রেশমা বলেন, সকালে তারা প্রতিদিনের মতো গাড়িতে করে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে তাদের গাড়িটি দুর্ঘটনায় পড়লে বিস্ফোরিত হয়। এতে ওই পাঁচজনের মৃত্যু হয়। পরে তাদের অন্য প্রবাসী সহকর্মীরা কর্মক্ষেত্রের ইউনিফর্ম সংগ্রহ করে তাদের পরিচয় নিশ্চিত করে পরিবারকে জানায়। 

“নিহতদের মধ্যে চারজনই আমার ইউনিয়নের বাসিন্দা। তাদের মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

এছাড়া নিহত রানার মা রৌশনারা রুসি ও দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. তৈয়বুর রহমান তরুণ জানান, দুবাইয়ে অবস্থানরত এলাকার অন্য প্রবাসীরা বিষয়টি তাদের জানিয়েছেন।