২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু ফিরল মায়ের কোলে

পুলিশ জানায়, উদ্ধার হওয়া শিশুকে বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

নোয়াখালীতে হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু ফিরল মায়ের কোলে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া শিশুকে উদ্ধার করেছে র‌্যাব।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2025, 01:44 PM

Updated : 26 Aug 2026, 11:59 AM

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া এক শিশুকে ১০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, শনিবার রাত ১০টার দিকে উপজেলার মিরওয়ারেশপুর গ্রামের হোসেন আলী টেন্ডল বাড়িতে অভিযান চালিয়ে শিশুকে উদ্ধার করে। 

উদ্ধার হওয়া দুই মাস সাত দিন বয়সি শিশু আব্দুর রহমান উপজেলার গোপালপুর ইউনিয়নের মধুপুর গ্রামের মুনীর হোসেন সজীব ও জান্নাতুল ফেরদৌসের ছেলে।

গ্রেপ্তার সামছুন্নাহার (৪০) সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউনিয়নের মো. সুমনের স্ত্রী।

র‌্যাব জানায়, শনিবার বেলা ১২টার দিকে শিশু আব্দুর রহমানের চিকিৎসার জন্য তার মা জান্নাতুল ফেরদৌস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর তাকে কোলে নিয়ে তার মা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের টিকেট কাটার জন্য কাউন্টারের সামনে লাইনে দাঁড়ান। 

এসময় বোরকা পরিহিত মধ্য বয়সী অপরিচিত এক নারী সেখানে ছয়-সাত বছর বয়সি মেয়েকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এসময় ওই নারী শিশু আব্দুর রহমানকে তার মায়ের কাছ থেকে নিজের কোলে নিয়ে রাখার প্রস্তাব দেন। শিশুটির মা সরল বিশ্বাসে অপরিচিত ওই নারীর কাছে নিজের সন্তানকে দিয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন।

কিছুক্ষণ পর ওই নারীকে না দেখে দিশেহারা হয়ে আশপাশে শিশুটিকে খোঁজাখুঁজি করতে থাকেন জান্নাতুল। পরে বিষয়টি তিনি থানা পুলিশকে অবহিত করেন। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। 

এ বিষয়ে বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, পরে শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক দল। এরপর শনিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে শিশুকে উদ্ধার করে র‌্যাব। 

তিনি বলেন, “এ সময় শিশুটিকে চুরির অভিযোগে সামছুন্নাহার আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সামছুন্নাহার শিশুটিকে চুরির কথা স্বীকার করেন। নিজের সন্তান প্রতিবন্ধী হওয়ায় শিশুটিকে সন্তান পরিচয়ে লালন পালনের উদ্দেশ্যে চুরি করেন বলে র‍্যাব জানান তিনি।” 

উদ্ধারের পর রাতেই শিশু আব্দুর রহমানকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করে র‍্যাব। এছাড়া সামছুন্নাহার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মামলা করে আদালতে পাঠানো হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।