জামালপুরে আওয়ামী লীগের ৩৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
এজাহার নামীয় আসামিরা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র প্রদর্শন করে হত্যা, খুন জখমের হুমকি প্রদান করে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
জামালপুরে জেলা বিএনপির অফিস ভাঙচুর ও মারধরের ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলার সাবেক চেয়ারম্যান বিজন কুমার চন্দসহ পৃথক দুটি মামলায় আওয়ামী লীগের ৩৩৬ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, মঙ্গলবার রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানী ও শহরের ফুলবাড়ীয়া এলাকার হায়দার আলী নামের এক ব্যক্তি থানায় মামলা দুটি দায়ের করেন।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন-জামালপুর পৌরসভার সদ্য সাবেক মেয়র পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান বাবু, সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ ও সাধারণ সম্পাদক নাজমুল এহসান জনি।
মামলার এজাহারে বলা হয়েছে- গত ১৯ জুলাই বিকালে ফাঁকা গুলি করে জেলা বিএনপির অফিস ভাঙচুর চালিয়ে জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন এবং তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়। এ সময় অফিসের প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে আসামিরা।
আরেকটি মামলার এজাহার বলা হয়েছে- মামলার বাদী হায়দার আলী ৫ অগাস্ট বিকালে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি রোগীদের দেখতে হাসপাতালের কাছে পৌঁছালে আসামিরা তাদের হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। এ সময় তার সঙ্গে থাকা মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং ৩৮ হাজার টাকা ও গলায় থাকা ১৪ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনতাই করে আসামিরা।
এজাহার নামীয় আসামিরা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র প্রদর্শন করে হত্যা, খুন জখমের হুমকি প্রদান করে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার আসামিদের ধরতে অভিযান চলছে বলে ওসি মুহাম্মদ মহব্বত জানান।
