৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

রামুতে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে ২ শিশুর মৃত্যু

“স্থানীয় ৬-৭ শিশু মিলে গোসল করতে নামে। এক পর্যায়ে চারজন শিশু ছড়ার পানিতে ডুবে যায়।”

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2024, 02:17 PM

Updated : 10 Sep 2026, 02:57 PM

কক্সবাজারের রামু উপজেলায় পাহাড়ি ছড়ায় গোসলে নেমে প্রতিবেশী দুই শিশুর প্রাণ গেছে।

উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য

জাফর আলম জানান, সোমবার সকাল ১০টায় চেইন্দা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হল-ওই এলাকার ফজল আহমদের ছেলে আব্দুর শুক্কুর (১২) ও একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সালাহ উদ্দিন খোকা (১০)।

স্থানীয়দের বরাতে জাফর আলম বলেন, “রোববার রাতে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িসহ বিভিন্ন এলাকায় হালকা ও মাঝারি বৃষ্টি হয়। এতে শুষ্ক মৌসুমে শুকিয়ে যাওয়া পাহাড়ি ছড়ার বিভিন্ন স্থানে তৈরি হওয়া গর্তে বৃষ্টির পানি জমে যায়।  

“সকালে জমে থাকা ওই পানিতে স্থানীয় ৬-৭ শিশু মিলে গোসল করতে নামে। এক পর্যায়ে তাদের মধ্যে চারজন ছড়ার পানিতে ডুবে যায়।”

স্থানীয় এ ইউপি সদস্য বলেন, “এ সময় ঘটনাস্থলে থাকা বাকি শিশুদের চিৎকারে স্থানীয়রা চারজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।“

রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, দক্ষিণ মিঠাছড়িতে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যুর খবরে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুদের মৃতদেহ তাদের বাড়িতে রাখা হয়েছে।