সিরাজগঞ্জে বিকাশ প্রতিনিধি নিখোঁজ, মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার
“তার কাছে নগদ ২ লাখ টাকা এবং সঙ্গে থাকা মোবাইলের অ্যাকাউন্টে ২ লাখ ৭২ হাজার টাকা ছিল।”
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রায় পৌনে পাঁচ লাখ টাকাসহ এক বিকাশ প্রতিনিধি নিখোঁজ হয়েছেন বলে থানায় সাধারণ ডায়েরি করেছেন তার এক সহকর্মী।
রোববার রাতে উপজেলার ভূইয়াগাতি অফিসে ফেরার পথে নিখোঁজ ওই ব্যক্তির মোটরসাইকেল ও হেলমেট উদ্ধারের খবর জানিয়েছেন রায়গঞ্জ থানার ওসি এস এম মাসুদ রানা।
নিখোঁজ ২৬ বছর বয়সী নাজমুল ইসলামের বাড়ি তাড়াশ উপজেলার মথুরাপুর গ্রামে; বাবা নজরুল ইসলাম।
ওসি বলেন, “এ ঘটনায় ভূইয়াগাতি অফিসের বিকাশ কর্মকর্তা কৃষ্ণ প্রসাদ মণ্ডল নিলয় বাদী হয়ে রোববার রাতে থানায় অভিযোগ করেছেন। তাতে বলা হয়েছে, বিকাশ প্রতিনিধি নাজমুল ইসলাম রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারের দোকানে টাকা লেনদেন করে রাতে অফিসে ফেরার পথে নিখোঁজ হন।
“তার কাছে নগদ ২ লাখ টাকা এবং সঙ্গে থাকা মোবাইলের অ্যাকাউন্টে ২ লাখ ৭২ হাজার টাকা ছিল। সকালে রায়গঞ্জ পৌরসভা কবরস্থানের পাশে একটি ইউক্যালিপ্টাস বাগানের ভেতরে একটি মোটরসাইকেল ও হেলমেট পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।”
দৃর্বৃত্তরা নাজমুলকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় তার মোটরসাইকেল ও হেলমেট ফেলে রেখে গেছে ধারণার কথা জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
