২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াকাটা সৈকতে ভেসে এল বিশালাকৃতির তিমি

সৈকতে ভেসে আসা তিমি ও ডলফিনের মৃত্যুর রহস্য উন্মোচন ও সংরক্ষণের দাবি

কুয়াকাটা সৈকতে ভেসে এল বিশালাকৃতির তিমি

সৈকতে ভেসে আসা অর্ধগলিত তিমি

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2022, 07:44 PM

Updated : 03 Sep 2022, 08:34 PM

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বিশালাকৃতির একটি অর্ধগলিত মৃত তিমি ভেসে এসেছে; যাকে বেলিন প্রজাতির বলছেন প্রাণিসম্পদ কর্মকর্তারা।

শনিবার সকাল ৯টার দিকে জোয়ারের পানিতে সৈকতের পূর্বদিকে ঝাউ বাগান পয়েন্টে এটি ভেসে আসে বলে বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান।

Image

সৈকতে ভেসে আসা অর্ধগলিত তিমি

এটির দৈর্ঘ্য প্রায় ২৫ ফুট ও প্রস্থ পাঁচ ফুট জানিয়ে তিনি বলেন, “তিমিটির নমুনা সংগ্রহ করা হয়েছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। তারা এলে এটিকে মাটিচাপা দেওয়া হবে।”

প্রাণিসম্পদ কর্মকর্তাদের বরাত দিয়ে আজাদ আরও বলেন, এটি বেলিন প্রজাতির তিমি।

Image

মৃত তিমিটি বেলিন প্রজাতির বলছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা।

তিমিটির ৭০ থেকে ৮০ ভাগ পচে সৈকতে দুর্গন্ধ ছড়াচ্ছে জানিয়ে এ বন কর্মকর্তা বলেন, “অন্তত ২০ থেকে ২৫ দিন আগে এটি মারা গিয়ে ভাসতে ভাসতে কুয়াকাটা সৈকতে এসেছে বলে ধারণা করছি।”

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা খবর পেয়ে সৈকতে তিমির কাছে আসি। এটি দেখতে অনেকটা দৈত্যাকৃতির। এর আগে ২০১৮ সালে সৈকতে আরও একটি বেশ বড় তিমি ভেসে এসেছিল।”

এ সময় কমিটির পক্ষ থেকে সৈকতে ভেসে আসা তিমি ও ডলফিনের মৃত্যুর রহস্য উন্মোচন ও সংরক্ষণের দাবি জানানো হয়।