২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় শিক্ষকের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা, আসামি অজ্ঞাত

তিন দিন আগে নিজ বাসা থেকে অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের লাশ উদ্ধার করে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2025, 02:06 AM

Updated : 26 Aug 2026, 11:34 AM

নেত্রকোণা শহরে নিজ বাসা থেকে অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষকের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা হয়েছে।

রোববার রাতে মামলার পর সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেত্রকোণা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।

নিহত দিলীপ কুমার রায়ের স্ত্রী নিভা রাণী সাহা অজ্ঞাত পরিচয়দের আসামি করে সদর থানায় মামলাটি করেন বলে জানান নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ।

৬৬ বছর বয়সী দিলীপ কুমার রায় নেত্রকোণা আবু আব্বাস ডিগ্রি কলেজের কৃষি বিভাগের শিক্ষক ছিলেন।

ওসি কাজী শাহনেওয়াজ বলেন, নিভা রাণী সাহা কয়েকদিন আগে ঢাকায় ছেলের বাসায় বেড়াতে যাওয়ার পর থেকে নেত্রকোণার বাসায় একাই ছিলেন দিলীপ কুমার রায়।

শুক্রবার সকাল ১০টার দিকে নিভা রাণী ঢাকা থেকে ফিরে বাসার সামনের ফটকে তালা ঝুলতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় বাসায় ঢুকে দিলীপ রায়ের লাশ পড়ে থাকতে দেখেন। 

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শুক্রবার সকাল ১০টার মধ্যে যেকোনো সময় দিলীপ কুমারকে হত্যা করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। 

ওসি বলেন, এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সব দিক মাথায় রেখে তদন্ত শুরু হয়েছে। 

এ ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ছায়া তদন্ত শুরু করেছে বলেও জানান ওসি কাজী শাহনেওয়াজ।

আরও পড়ুন:

নেত্রকোণায় বাসা থেকে কলেজ শিক্ষকের লাশ উদ্ধার