Published : 12 Jul 2026, 11:59 PM
সংস্কার প্রস্তাব বাস্তবায়ন না হওয়া এবং বন্যা পরিস্থিতি নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বিএনপির মন্ত্রী-সংসদ সদস্যদের উদ্দেশে বলেছেন, “বাংলাদেশে খুনি হাসিনা ১৪০০ লোককে হত্যা করে পালিয়ে গিয়েছে। আমরা এখনও তার বিচার করতে পারি নাই। আবু সাঈদের রক্তের বিচার করতে চাই। এই বিচার চাওয়া আমাদের অপরাধ না।
“তাহলে যারা চিল্লাচিল্লি করতেছে মিডিয়াতে, বিভিন্ন মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এত গরম দেখায়েন না। আমরা যদি ভালো মতন একটু গরম দেখাই, শেখ হাসিনা তো দিল্লিতে পালাইছে, আপনি কই পালাইবেন- বঙ্গোপসাগরে? বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাইবেন না।”
রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী মোড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “৫ অগাস্টের পর সিএনজিস্ট্যান্ড, বাসস্ট্যান্ড, দোকানপাট দখল করে যাদের পকেটে গরম গরম টাকা হয়েছে, বাড়ি দিলে সব টাকা থুইয়া বঙ্গোপসাগরের দিকে পালাইবে। আর সেটার জন্য সবাই প্রস্তুত হোন।”
তিনি বলেন, “যদি বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন না হয়, বিএনপি সরকারের পতন আমরা করব ইনশাআল্লাহ। যদি বাংলাদেশে শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হয়, বিএনপি সরকারের পতন আমরা করব। আমরা ইনশাল্লাহ সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব, আওয়ামী লীগের খুনিদের ফাঁসিতে ঝুলাব এবং বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করব।”
চলমান বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, “দক্ষিণবঙ্গে বন্যা হচ্ছে, ৩৯ জন বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করেছে। বাংলাদেশের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী, তাকে শুধু নির্বাচনের আগেই খুঁজে পাওয়া গিয়েছে। ইলেকশনের পরে এই বন্যাগ্রস্ত মানুষের মধ্যে তাকে একদিনও আমরা দেখতে পাইনি। টিভি স্ক্রিনে দেখতে পেয়েছেন আপনারা? এরা হল জাতির মহাপ্রতারক। এরা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজিতে ব্যস্ত।”
এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এস এম সাইফ মোস্তাফিজ, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।
পরে এনসিপি নেতাকর্মীরা পাশের নেয়ামতপুর উপজেলায় পদযাত্রা ও পথসভা করেন।