২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গাজীপুরে হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

বুধবার বাড়ির পাশের সেলুন থেকে ধরে নিয়ে গিয়ে ফারুককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় খুনিরা।

গাজীপুরে হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

পুলিশের হাতে আটক মো. বাদল হোসেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2023, 03:44 PM

Updated : 01 Jul 2023, 03:44 PM

গাজীপুর সিটি করপোরেশনের দেশিপাড়া এলাকায় যুবককে কুপিয়ে হত্যা মামলার মূল আসামিকে ঢাকার সায়েদাবাদ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান।

গ্রেপ্তার মো. বাদল হোসেন (৪০) গাজীপুর সিটি করপোরেশনের মেট্রোপলিটনের সদর থানার দেশিপাড়া নতুনবাজার এলাকার মো. মনসুর আলীর ছেলে।

পুলিশ কর্মকর্তা শামসুর রহমান জানান, নিহত ফাহরিয়ার আহমেদ ফারুক (৩৫) গাজীপুর সিটির দেশিপাড়া এলাকার নুরুল ইসলাম সিকদারের ছেলে।

গত বুধবার সন্ধ্যায় ছোট ছেলেকে নিয়ে চুল কাটাতে বাড়ির পাশের সেলুনে যান ফারুক। এ সময় তাকে কাঠ বাগানে ধরে নিয়ে গিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান খুনিরা।

এ ঘটনায় পরদিন নিহত ফারুকের বাবা মো. নুরুল ইসলাম মামলা দায়ের করেন।

ঘটনার পর পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। পরে পুলিশ অভিযান চালিয়ে ঢাকার সায়েদাবাদ থেকে মামলার প্রধান আসামি বাদলকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে বাদল পুলিশকে জানান, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে ফারুককে কুপিয়ে হত্যা করেন তারা।

জানা গেছে, ফারুক পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন।

পুলিশ কর্মকর্তা শামসুর রহমান জানান, বাদল ‘মাদকবিক্রেতা ও এলাকায় ‘কুখ্যাত সন্ত্রাসী’ । তার নামে সদর থানায় মাদক মামলাসহ চারটি মামলা রয়েছে।

শনিবার সাত দিনের রিমান্ড চেয়ে বাদলকে আদালতে পাঠালে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন করে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।