Published : 16 May 2026, 07:49 PM
‘শিশুর চোখে শিশুর গল্প’ স্লোগানে সিলেটে শিশু সাংবাদিকতার দিনব্যাপী ফলোআপ কর্মশালা হয়েছে।
জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহযোগিতায় শনিবার এ কর্মশালা করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা ওয়েবসাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
সকালে সিলেট নগরীর হোটেল নির্ভানা ইনের হলরুমে কর্মশালার উদ্বোধন হয়। এতে অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শাবিপ্রবি প্রতিনিধি নুর আলম।
অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আগে সিলেট নগরে অনেক খালি জায়গা, খেলার মাঠ ও বিনোদনের সুযোগ ছিল। কিন্তু এখন অনিয়ন্ত্রিত নগরায়নের কারণে এসব কমে গেছে। ফলে শিশু-কিশোররা বেশি সময় মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমে কাটাচ্ছে, যা তাদের জন্য ক্ষতিকর।
তিনি বলেন, এই অবস্থা থেকে শিশুদের রক্ষা করতে তাদের সৃজনশীল কাজ ও ভালো কাজে যুক্ত করতে হবে। শিশুদের সঠিক পথে এগিয়ে নিতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ।
এজন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।
কর্মশালায় স্বাগত বক্তব্য ও প্রশিক্ষণ দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহফিচার সম্পাদক হাসান বিপুল। সভাপতিত্ব করেন সিলেট প্রতিনিধি বাপ্পা মৈত্র।
এ ছাড়া সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ উপস্থিত ছিলেন। ফটোগ্রাফি বিষয়ে প্রশিক্ষণ দেন প্রথম আলোর ফটো সাংবাদিক আনিস মাহমুদ।
দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীদের সাংবাদিকতার মৌলিক ধারণা, সংবাদ ও ফিচার লেখা, তথ্য যাচাই, শিশু অধিকার এবং মোবাইল ফোনে প্রতিবেদন তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। এতে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১১ শিক্ষার্থী অংশ নেন।