ছাত্রী ধর্ষণচেষ্টা: আসামি গ্রেপ্তারে জাকসুর সড়ক অবরোধ, শিক্ষার্থীর অবস্থান
শিক্ষার্থী বলেন, প্রশাসনের মৌখিক আশ্বাসে তিনি আস্থা রাখতে পারছেন না।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় ছয় দিনেও আসামিকে গ্রেপ্তার করতে পারেন পুলিশ। এর প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু।
এদিকে নারী হেনস্তা ও নিরাপত্তাহীনতার প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে বসেছেন ইতিহাস বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী লামিশা জামান।
সোমবার বিকালে জাকসু নেতারা বিশ্ববিদ্যালয়ের ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় ১৫ মিনিট অবরোধ করেন। এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মহাসড়কে গিয়ে শেষ হয়।
অবরোধ চলাকালে মহাসড়কের আরিচাগামী লেনে সমাবেশ করেন শিক্ষার্থীরা। সেখানে বক্তারা বলেন, জাহাঙ্গীরনগরের মত একটি আবাসিক বিশ্ববিদ্যালয়ে একের পর এক নারী নিপীড়নের ঘটনা ঘটছে। ধর্ষণচেষ্টার ঘটনার ছয় দিন পার হলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা।
দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে বিচার নিশ্চিতের দাবি জানান তারা।
এদিকে রোববার রাত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে বসেছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী লামিশা জামান। তিনি সাম্প্রতিক ধর্ষণচেষ্টা ও নারী নিপীড়নের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।
পাশাপাশি ধর্ষণচেষ্টার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের নির্দিষ্ট সময়সীমা ঘোষণার দাবি জানিয়েছেন।
লামিশা জামানের অভিযোগ, রোববার রাতে আরেক নারী শিক্ষার্থীকে হেনস্তার ঘটনার প্রতিবাদ জানাতে সহপাঠীদের সঙ্গে প্রক্টর কার্যালয়ে গেলে সেখানে এক ব্যক্তি তার ভিডিও ধারণ করেন এবং শারীরিকভাবে হেনস্তার চেষ্টা করেন। পরে শিক্ষার্থীরা ওই ব্যক্তিকে আটক করে আশুলিয়া থানায় সোপর্দ করেন। একই দিনে আরেক এক নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে আরও দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
তিনি বলেন, প্রশাসনের মৌখিক আশ্বাসে তিনি আস্থা রাখতে পারছেন না। তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন কবে এবং কখন প্রকাশ করা হবে, সেটি প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে।
প্রশাসনের পক্ষ থেকে ২০ মে বিকাল ৪টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার আশ্বাস দেওয়া হলেও সেটিকে যথেষ্ট মনে করছেন না তিনি। তার ভাষ্য, “এটি শুধু ব্যক্তিগত কোনো বিষয় নয়; এটি ক্যাম্পাসের সব নারী শিক্ষার্থীর নিরাপত্তা ও অধিকারের প্রশ্ন।”
এদিকে দুপুরে ধর্ষণচেষ্টার আসামির দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রক্টরের সঙ্গে শিক্ষার্থীদের ‘অসৌজন্যমূলক আচরণের’ প্রতিবাদও জানান তারা।
আরও পড়ুন:
