Published : 16 May 2026, 11:45 PM
এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার এক জরুরি প্রশাসনিক সভায় এ কমিটি গঠন করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কমিটিতে সভাপতি করা হয়েছে ফার্মেসি বিভাগের শিক্ষক সোহেল রানাকে। উচ্চ শিক্ষা ও বৃত্তি শাখার ডেপুটি রেজিস্ট্রার লুৎফর রহমান আরিফ আছেন সদস্য সচিব হিসেবে।
কমিটিতে সদস্য হিসেবে আছেন— উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক নাহিদ আখতার, দর্শন বিভাগের মো. জাকির হোসেন, সরকার ও রাজনীতি বিভাগের নাসরীন সুলতানা, প্রাণিবিদ্যা বিভাগের মো. কামরুজ্জামান ও দর্শন বিভাগের শিক্ষক মো. জহির রায়হান।
কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার রাত ১১টার পর পুরাতন ফজিলাতুন্নেসা হল ও আল-বেরুনী হলের সম্প্রসারিত অংশসংলগ্ন এলাকায় দিয়ে যাওয়ার পথে এক ছাত্রীকে ঝোপে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে।
পরদিন সকালে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান চৌধুরী বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে আশুলিয়া থানায় ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলা করেন।
এ ঘটনার পরের দিন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার অভিযোগ তুলে প্রক্টরের পদত্যাগসহ ছয় দফা দাবিতে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস।
দাবি আদায়ে বুধবার থেকে প্রতিদিনই ক্যাম্পাসে নানা প্রতিবাদী কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।