Published : 17 May 2026, 10:22 PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিতে টানা আট ঘণ্টার অবরোধ শেষে প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
রোববার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. কামরুল আহসান ৭২ ঘণ্টার মধ্যে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে প্রশাসনিক ভবনের তালা খুলে দেন।
এর আগে সকাল ১০টার দিকে নতুন প্রশাসনিক ভবনের দুটি ফটকে তালা ঝুলিয়ে অবরোধ করেন বিভিন্ন বিভাগের একদল নারী শিক্ষার্থী।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত ফজিলতুন্নেছা হল সংলগ্ন সড়ক থেকে টেনেহিঁচড়ে এক ছাত্রীকে অন্ধকারে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনায় একজনকে অজ্ঞাত আসামি করে আশুলিয়া থানায় মামলা করে প্রশাসন।
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আদৃতা রায় বলেন, “ঘটনার ১০০ ঘণ্টার বেশি সময় পার হলেও আসামিকে গ্রেপ্তারের কোনো অগ্রগতি নেই। প্রশাসন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে কি-না, সেটিও প্রশ্নের বিষয়।”
বিকাল সাড়ে ৪টার দিকে আন্দোলনকারীরা জানান, অভিযুক্তকে কত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে সে বিষয়ে প্রশাসনের স্পষ্ট বক্তব্য না পাওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। পরে বিকাল ৪টা ৪০ মিনিটে উপাচার্য অধ্যাপক মো. কামরুল আহসান আন্দোলনস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দেন।
তিনি বলেন, “তোমাদের আন্দোলন যৌক্তিক। এ ধরনের ঘটনায় প্রশাসনের দায় রয়েছে। আমরা দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারিনি, পাশাপাশি জনবল সংকটও রয়েছে।”
উপাচার্য বলেন, আগামী সাত দিনের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
২০ তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হওয়ায় শিক্ষার্থীরা অভিযুক্তকে গ্রেপ্তারে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। পরে উপাচার্যের আশ্বাসের পর তারা আন্দোলন স্থগিত করে প্রশাসনিক ভবনের তালা খুলে দেন।
আরও পড়ুন:
জাবিতে ধর্ষণচেষ্টা: প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা