জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা: আসামিকে গ্রেপ্তারসহ পাঁচ দাবি জাকসুর
আসামিকে গ্রেপ্তারে ব্যর্থ হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন জাকসু নেতারা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনা জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে বিলম্ব ও ক্যাম্পাসের উদ্ভুত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে জাকসু এবং হল সংসদের প্রতিনিধিরা।
শনিবার বেলা ৩টায় উপাচার্যের বাসভবনের সামনে সংবাদ সম্মেলনে নতুন করে পাঁচ দফা দাবি ঘোষণা করেন জাকসুর জিএস মাজহারুল ইসলাম।
দাবিগুলো হলো- দ্রুততম সময়ে অভিযুক্তকে গ্রেপ্তারের ক্ষেত্রে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে তৎপর ভূমিকা রাখা; আসামিকে গ্রেপ্তারে ব্যর্থ হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা; প্রশাসনিক গাফিলতির বিষয়ে রেজিস্ট্রার, নিরাপত্তা দপ্তর ও প্রক্টরিয়াল বডির নিরপেক্ষ তদন্ত ও দোষ যাচাই; ঘটনাকে কেন্দ্র করে কোনও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নির্ধারিত সময়ের মধ্যে জাকসুর দাবিসমূহ বাস্তবায়ন না হলে প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন।
মঙ্গলবার রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলতুন্নেসা হল সংলগ্ন এলাকায় সংঘটিত এ ঘটনা ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে জানান জাকসু নেতারা।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী ঘটনাস্থলে গিয়ে আহত শিক্ষার্থীকে উদ্ধার এবং সহায়তার উদ্যোগ নেন। পরে জাকসুর প্রতিনিধি, নিরাপত্তা কর্মকর্তা ও শিক্ষার্থীদের সহায়তায় ভুক্তভোগীকে চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয় এবং প্রশাসনকে বিষয়টি জানানো হয়।
সিসিটিভি ফুটেজ শনাক্তকরণ ও তদন্ত কার্যক্রমে ‘সমন্বয়হীনতা, জটিলতা ও অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতা’ তৈরি হয়েছে বলেও অভিযোগ করেছে জাকসু। তাদের ভাষ্য, এসব কারণে সুষ্ঠু তদন্ত কার্যক্রম ব্যাহত হয়েছে।
এ ছাড়া যাচাইবিহীন এআই-নির্ভর ছবি প্রচারের কারণে প্রকৃত অপরাধী শনাক্তকরণ প্রক্রিয়াও বিভ্রান্তির মুখে পড়েছে বলে উল্লেখ করা হয়।
আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে এর আগেও প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছিল বলে জানান জাকসু নেতারা।
এদিকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠা সন্দেহভাজন ব্যক্তির তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।
এদিন পুলিশ সদর দপ্তর থেকে ‘জরুরি জনসচেতনতামূলক বার্তায়’ বলা হয়েছে, এক ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা এই ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
ওই ব্যক্তির পরিচয়, অবস্থান বা সংশ্লিষ্ট কোনো তথ্য জানলে পুলিশের দেওয়া (01320-089305) হোয়াটসঅ্যাপ নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে।
