কক্সবাজারে বন্যহাতির আক্রমণে আহত নারীর মৃত্যু
খাবারের সন্ধানে লোকালয়ে আসা দলছুট একটি হাতির শুঁড়ের আছড়ে ওই নারী আহত হয় বলে জানান ইউপি চেয়ারম্যান।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় বন্যহাতির আক্রমণে আহত এক নারীর মৃত্যু হয়েছে।
ঘটনার দুই দিন পর বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান কাকারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন।
নিহত জনু আরা বেগম (৩৫) উপজেলার কাকারা ইউনিয়নের পূর্ব কাকারা পাহাড়তলি মিয়াজী পাড়ার মো. হেলাল উদ্দিনের স্ত্রী।
ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন বলেন, সোমবার রাত ১১টার দিকে জনু আরা বেগম প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হন। এ সময় দলছুট একটি বন্যহাতির সামনে পড়েন তিনি। হাতিটি শুঁড় দিয়ে তাকে আছড়ে আহত করে।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৬টার দিকে মারা যান তিনি।
কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁশিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, খাবারের সন্ধানে মাঝেমধ্যে বন্যহাতির পাল পাহাড় থেকে লোকালয়ে চলে এসে। এতে প্রাণহানি ঘটে।
হাতির আক্রমণে নারী মৃত্যুর ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
