২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ব্যবসায়ীর মাথা ফাটিয়ে ‘সাড়ে ১২ লাখ টাকা’ ছিনতাই

হামলাকারীরা ওই ব্যবসায়ীর মোটরসাইকেলটিও নিয়ে গেছে বলে জানায় পুলিশ।

রাজশাহীতে ব্যবসায়ীর মাথা ফাটিয়ে ‘সাড়ে ১২ লাখ টাকা’ ছিনতাই
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন আহত ব্যবসায়ী মো. চাঁদ মিয়া।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2025, 10:12 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

রাজশাহী নগরে প্রকাশ্যে এক ব্যবসায়ীর মাথায় আঘাত করে সাড়ে ১২ লাখ টাকাসহ তার মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার দুপুর ২টার দিকে নগরের রাজপাড়া থানার বহরমপুর নিমতলা পেঁয়াজির মোড়ে এ ঘটনা ঘটে বলে জানান রাজপাড়া থানার এসআই তাজ উদ্দিন। 

আহত ব্যবসায়ী মো. চাঁদ মিয়া (৪০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তার মাথা, কপাল ও নাকে গুরুতর জখম হয়েছে। তিনি নগরের বোয়ালিয়া থানার সপুরা মথুরডাঙ্গা শিল্পীপাড়া মহল্লার বাসিন্দা।

চাঁদ বলেন, তিনি ব্যবসার সাড়ে ১২ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে ওই এলাকায় যাচ্ছিলেন। পথে কয়েকজন যুবক তার পথরোধ করেন। প্রথমে একজন তার মোটরসাইকেলের চাবি নেয় এবং অন্যজন পেছন থেকে বাঁশ দিয়ে আঘাত করেন। 

এতে চাঁদ অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফিরে দেখেন টাকার ব্যাগসহ মোটরসাইকেল নেই।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান এসআই তাজ উদ্দিন। 

তিনি বলেন, “মোটরসাইকেল ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত। তবে টাকা ছিনতাই হয়েছে কি-না তা নিশ্চিত হওয়া যায়নি। ভুক্তভোগীর সঙ্গে বিস্তারিত কথা বলার পর জানা যাবে।”

আহত চাঁদ মিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলে তার সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই তাজ উদ্দিন।