ফরিদপুর বিভাগ দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ
“এসব জেলার ভাইয়েরা স্বাস্থ্য-শিক্ষাসহ দৈনন্দিন কাজে ফরিদপুরে আসেন; এমনকি তাদের বাপ-দাদার সম্পত্তির দলিলপত্রও ফরিদপুরের অধীনে।”
দ্রুততম সময়ের মধ্যে ফরিদপুর বিভাগ বাস্তবায়নের দাবিতে জেলা শহরে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রেস ক্লাবের সামনে থেকে ‘ফরিদপুরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব চত্বরে গিয়ে গণসমাবেশ করে।
সমাবেশে কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, “বৃহত্তর ফরিদপুর মানেই শরীয়তপুর-মাদারীপুর-গোপালগঞ্জ-রাজবাড়ী। এ সব জেলার ভাইয়েরা স্বাস্থ্য-শিক্ষাসহ দৈনন্দিন কাজে ফরিদপুরে আসেন; এমনকি তাদের বাপ-দাদার সম্পত্তির দলিলপত্রও ফরিদপুরের অধীনে।
“তাই ফরিদপুরকে কোনোভাবেই ভুলে গেলে তাদের চলবে না। আজ কেন তারা বৈরি আচরণ করছেন এটা আমাদের বোধগম্য নয়।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আরবার ইতু বলেন, “আমরা সরকার প্রধানের কাছে আহ্বান জানিয়ে বলব, যত দ্রুত সম্ভব ফরিদপুরকে বিভাগ ঘোষণা করুন, অন্যথায় রাজপথে নেমে দাবি আদায় করা হবে। ফরিদপুরের প্রশ্নে আমরা দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ ।”
গণসমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপির কিবরিয়া স্বপন, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা।
