২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে যাওয়ার সময় যুবলীগ নেতা গ্রেপ্তার

আটক ওই যুবলীগ নেতা ভোলা সদর থানায় করা বিস্ফোরক মামলার আসামি বলে পুলিশ জানায়।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2024, 12:15 AM

Updated : 26 Aug 2026, 10:52 AM

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে পালাতে গিয়ে ভোলার বোরহান উদ্দিন পৌরসভার কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার হয়েছেন। 

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে আটক করা হয় বলে জানান, বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন।

আটক তাজউদ্দীন (৫৩) ভোলার বোরহান উদ্দিন সদর থানার আব্দুল গনির ছেলে। 

এ ছাড়া তিনি বোরহান উদ্দিন পৌরসভার ৭ ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি বলে জানান ফরিদ উদ্দিন।

তার বিরুদ্ধে ভোলা সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে বলে পুলিশ ও বিজিবি জানিয়েছে। 

ফরিদ উদ্দিন বলেন, গত ২ অক্টোবর তার বিরুদ্ধে থানায় মামলা হয়। মামলা নম্বর-০৪। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শক ওমর ফারুক মজুমদার বলেন, “আগে থেকেই আমাদের কাছে খবর ছিল ভোলার বিস্ফোরক মামলার এজাহারভুক্ত এক আসামি পাসপোর্ট- ভিসার মাধ্যমে ভারতে যাবে। তখন ইমিগ্রেশন এলাকায় পুলিশ বিজিবি ও গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো হয়। ওই আসামি পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে আসার পর তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। 

“এ সময় তাজউদ্দীন সম্পর্কে তার এলাকায় খোঁজ-খবর নিয়ে জানা যায় তিনি একটি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি। 

তখন তাকে আটক করা হয় এবং কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানায় তাকে সোপর্দ করা হয়েছে।”

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন, তাজ উদ্দিন আটকের কথা জানানো হয়েছে। সেখান থেকে পুলিশ আসার পর তাকে তাদের কাছে হস্তান্তর করা হবে।