২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু

এর আগে কারাবন্দি থাকা অবস্থায় অসুস্থ হয়ে বগুড়া জেলা কারাগারে আওয়ামী লীগের আরও চার নেতা মারা যান।

বগুড়া কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু
বগুড়া জেলা কারাগার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2025, 01:44 PM

Updated : 26 Aug 2026, 11:59 AM

বগুড়ায় বিস্ফোরক ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার এক আওয়ামী লীগ নেতা জেলা কারাগারে মারা গেছেন।

মঙ্গলবার সকাল ৭টায় অসুস্থ অবস্থা তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে বগুড়া জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান। 

মারা যাওয়া এমদাদুল হক ভট্টু (৫১) গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক। 

এর আগে কারাবন্দি থাকা অবস্থায় অসুস্থ হয়ে বগুড়া জেলা কারাগারে আওয়ামী লীগের আরও চার নেতা মারা যান।

এদের মধ্যে গত বছরের ১১ নভেম্বর বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন, ২৫ নভেম্বর শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবদুল লতিফ, পরদিন ২৬ নভেম্বর বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু এবং ৯ ডিসেম্বর গাবতলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং দুর্গাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু কারাগারে অসুস্থ হয়ে মারা যান।

জেলার শরীফ বলেন, “বিস্ফোরক ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার হয়ে গত ২৬ ফেব্রুয়ারি এমদাদুল হক ভট্টুকে কারাগারে পাঠানো হয়। ওইদিন তার প্রেশার সংক্রান্ত জটিলতা ছিল। সেদিনই তাকে কারাগারের হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তিনি সুস্থ হয়ে ওঠেন। 

“মঙ্গলবার সেহেরীর শেষে সকালে হঠাৎ অসুস্থতা অনুভব করেন তিনি। পরে তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ”

সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান কারাগারের এই কর্মকর্তা। 

আরও পড়ুন

বগুড়া কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু

বগুড়ায় কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

কারাবন্দি বগুড়ার আওয়ামী লীগ নেতা ঝুনুর মৃত্যু