শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার লক্ষ্মীপুর ছাত্রলীগ নেতা শাহীন কারাগারে
ওই ছাত্রলীগ নেতা চার শিক্ষার্থী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি, বলেন লক্ষ্মীপুর সদর থানার পরিদর্শক।
বিদেশে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে লক্ষ্মীপুর ছাত্রলীগের নেতা মো. শাহীন আলমকে।
পরে মঙ্গলবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান লক্ষ্মীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত।
থানা পুলিশ জানায়, সৌদি আরবে পালিয়ে যাবার চেষ্টা করছিলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম। তিনি সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার গোলাম মোস্তফার ছেলে।
ঝলক মোহম্ত বলেন, শাহীন গত ৪ অগাস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তার বিষয়ে ইমিগ্রেশনে পূর্বেই চিঠি দেওয়া ছিল।
বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ অগাস্ট লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি ও হামলায় চার শিক্ষার্থী নিহত ও দুই শতাধিক আহত হন।
এসব ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
সেদিন ছাত্রলীগ নেতা শাহীনকে একটি ভিডিওতে অস্ত্র হাতে দেখা গেছে। শাহীন চার শিক্ষার্থী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
এ ছাড়া একইদিন তমিজ মার্কেটের বাসা থেকে পালানোর সময় আওয়ামী লীগের আট নেতাকর্মীকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করে আন্দোলনকারীরা।
