খুলনায় যুবদলকর্মী ফখরুল হত্যা: যশোরে যুবক গ্রেপ্তার
১১ অগাস্ট গভীর রাতে রূপসা উপজেলার একটি ইটভাটায় ফখরুল শেখকে গুলি করে হত্যা করা হয়।
খুলনার রূপসা উপজেলায় যুবদলকর্মী ফখরুল শেখকে গুলি করে হত্যার ঘটনায় যশোর থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স রোববার বলেন, শনিবার মধ্যরাতের দিকে সদর উপজেলার সীতারামপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইব্রাহিম হাওলাদার ওরফে কাটাপ্পা (৩২) খুলনার সোনাডাঙ্গা এলাকার আহমেদ হাওলাদারের ছেলে।
র্যাব জানায়, ১১ অগাস্ট গভীর রাতে খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামের ‘মেসার্স রূপসা ব্রিকস’ ইটভাটায় পাহারার দায়িত্বে ছিলেন ফখরুল শেখ। এ সময় একদল লোক এসে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় ফখরুলকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফখরুল শেখ নৈহাটি গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি রূপসা কলেজের সাবেক ছাত্রদল নেতা এবং পরে যুবদলের সক্রিয় কর্মী ছিলেন।
র্যাব জানায়, ঘটনার পর থেকে র্যাব ছায়া তদন্ত শুরু করে। ইব্রাহিমকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।
