গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বাস্থ্যের প্রকৌশলী ও চালক
এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়, বলেন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা।
ময়মনসিংহের গফরগাঁওয়ে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ও চালক দগ্ধ হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল জানান।
আহতরা হলেন- স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী (৫৯) ও তার গাড়ি চালক আফজাল আহমেদ (৩৫)।
স্থানীয়দের বরাত দিয়ে ওই ফায়ার স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন, প্রকৌশলী লিয়াকত আলী কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহে যাওয়ার পথে ভালুকা-হোসেনপুর সড়কের গফরগাঁও অংশের হাঁটুরিয়া এলাকায় তার গাড়িটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। এতে প্রকৌশলী ও চালক দগ্ধ হন।
পরে স্থানীয় লোকজন লিয়াকত আলী ও চালক আফজল আহমেদকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খবর পেয়ে গফরগাঁও উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট গাড়িটির আগুন নিয়ন্ত্রণে আনে।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারহানা ফারুক বৃষ্টি বলেন, “আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসা জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপালে পাঠানো হয়েছে।”
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শফিক উদ্দিন বলেন, “প্রকৌশলী ও গাড়ি চালককে দগ্ধ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।”
