১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

এনসিপির প্রার্থী হলেন বিএনপির সাবেক এমপি মনজুর কাদের

বুধবার এনসিপি সারাদেশে ১২৫ প্রার্থীর তালিকা প্রকাশ করে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2025, 04:17 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

বিএনপি থেকে পদত্যাগ করে সিরাজগঞ্জ-৫ আসনে এনসিপির প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর মনজুর কাদের।

জাতীয় পার্টির আমলের সাবেক এই পানিসম্পদ প্রতিমন্ত্রীকে বেলকুচি ও চৌহালী উপজেলা নিয়ে গঠিত আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

বুধবার এনসিপি সারাদেশে ১২৫ প্রার্থীর তালিকা প্রকাশ করে।

এ ছাড়া সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি) এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে এস এম সাইফ মোস্তাফিজকে প্রার্থী করেছে এনসিপি।

৮ ডিসেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেন মনজুর কাদের।

মনজুর কাদের ১৯৮৬ সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। এরপর জাতীয় পার্টিতে যোগ দিয়ে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসন থেকে ১৯৮৬ ও ১৯৮৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৮ সালের ৩ মার্চ থেকে ১৯৯০ সালের ৪ ডিসেম্বর পর্যন্ত তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

১৯৯৬ সালে জাতীয় পার্টি ত্যাগ করে বিএনপিতে যোগ দেন মনজুর কাদের। এরপর ১৯৯৬ সালে পাবনা-১ আসন এবং ২০০১ সালে সিরাজগঞ্জ-৬ (চৌহালী ও শাহজাদপুর) আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

পরবর্তীতে এই আসনের সীমানা পরিবর্তন হয়ে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন করা হয়। ২০০৮ সালের নির্বাচনেও এই আসন থেকে বিএনপির মনোনয়ন পান মনজুর কাদের। তবে সেই সময় মাত্র ২৫২ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাসের কাছে হেরে যান তিনি।

এবারও তিনি বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন। তবে দল থেকে কেন্দ্রীয় কমিটির (রাজশাহী বিভাগীয়) সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এ অবস্থায় এনসিপিতে যোগদান করে এই আসনটির মনোনয়ন পেয়েছেন মনজুর কাদের। একই আসনে জেলা জামায়াতের নায়েবে আমির ও বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আলী আলম মনোনয়ন পেয়েছেন। 

এদিকে মঞ্জুর কাদের মনোনয়ন পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার। নিজের ফেইসবুক পোস্টে এ অভিনন্দন জানান তিনি। শুরুতে এ আসনটিতে মাহিন সরকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন।