২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০

হাসপাতালে ভর্তির পর থেকে ১০ মাস বয়সী শিশুটিকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল।

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2026, 07:58 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বায়ুবাহিত এ রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছে অন্তত ১০ শিশু।

বুধবার ভোরে হাসপাতালের হাম রোগীদের জন্য নির্ধারিত আইসোলেশন ওয়ার্ডে শিশুটি মারা যায় বলে জানান শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালের উপপরিচালক ও মুখপাত্র চিকিৎসক মো. মনজুর-এ-মুর্শেদ।

মৃত মোছা. হুমায়রা শেরপুর উপজেলার বাসিন্দা। মঙ্গলবার হামের উপসর্গ নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

চিকিৎসক মনজুর-এ-মুর্শেদ বলেন, হুমায়রার শরীরে হামের উপসর্গ ও র‌্যাশ ছিল। ভর্তির পর তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। ভোরে তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় জিয়াউর রহমান মেডিকেলে হাম আক্রান্ত রোগীদের জন্য আলাদা একটি আইসোলেশন বিভাগ খোলা হয়েছে। সেখানে এ ধরনের উপসর্গ নিয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। তবে এখন পর্যন্ত ১৮ শিশুর নমুনা পরীক্ষা করা হলেও কারও শরীরে হামের অস্তিত্ব (পজিটিভ) পাওয়া যায়নি।

মারা যাওয়া শিশুটির নমুনা পরীক্ষার বিষয়ে মনজুর-এ-মুর্শেদ বলেন, “চিকিৎসকেরা শিশুটির শরীর থেকে নমুনা সংগ্রহের চেষ্টা করেছিলেন। কিন্তু অভিভাবকরা অনুমতি না দেওয়ায় নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। অভিভাবকদের সম্মতি ছাড়া নমুনা সংগ্রহের সুযোগ নেই।”

বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা শিশুদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।