কুমিল্লায় যাত্রীবাহী বাসে মিলল বিদেশি পিস্তল
একটি চক্র পিস্তলটি এক স্থান থেকে অন্য স্থানে নিতে এই পথ ব্যবহার করছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় যাত্রীবাহী বাস থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন জব্দ করেছে পুলিশ; তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার রাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে একটি বাসে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয় বলে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান।
শুক্রবার দুপুরে পুলিশ সুপার রহমত বলেন, বৃহস্পতিবার রাতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিল হাইওয়ে পুলিশ। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী সাগরিকা পরিবহনের যাত্রীবাহী একটি বাস থামানো হয়।
“পরে তল্লাশির সময় বাসের ল্যাকেজ ক্যারিয়ারের (তাকের) ওপর একটি কালো ব্যাগ যাওয়া যায়। যাত্রীদের জিজ্ঞাসাবাদ করলে কেউ ব্যাগটির মালিক নয় বলে জানান। পরে ব্যাগটি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন পাওয়া যায়।”
একটি চক্র পিস্তলটি এক স্থান থেকে অন্য স্থানে নিতে এই পথ ব্যবহার করছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশ সুপার রহমত।
