সাড়ে ৬ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত ট্রেন উদ্ধার, আপলাইন বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে কিছুদূর যাওয়ার পর মালবাহী ট্রেনটির একটি বগির দুইটি চাকা বিকট শব্দে লাইনচ্যুত হয়।
ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত মালবাহী ট্রেনটি উদ্ধার করা হয়েছে।
ট্রেন উদ্ধার হলেও রেলপথের আপলাইনে ট্রেন চলাচল এখনও স্বাভাবিক হয়নি।
মঙ্গলবার সকাল ৭টায় ট্রেনটি উদ্ধার করে আশুগঞ্জের তালশহরে সরিয়ে নেওয়া হয় বলে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী মাস্টার সাকিল জাহান জানিয়েছেন।
এর আগে সোমবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার দাড়িয়াপুর এলাকায় ঢাকামুখী মালবাহী এ ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত হয়।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার বর্ণনায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. জসিম উদ্দিন বলেন, “চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী মালবাহী ট্রেনটি রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে যায়।
“কিছুদূর যাওয়ার পর দাড়িয়াপুর এলাকায় ট্রেনটির একটি বগির দুইটি চাকা বিকট শব্দে লাইনচ্যুত হয়।”
সহকারী মাস্টার সাকিল জাহান বলেন, “খবর পেয়ে আখাউড়া জংশন থেকে রাত সাড়ে ৩ টায় রিলিফ ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পৌঁছায়; তাদের উদ্ধারকাজ শুরু করতে ভোর ৪টা বেজে যায়।
“দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা চেষ্টার পর রিলিফ ট্রেনটি দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রেনটিকে উদ্ধার করে। তবে আপলাইনের স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামত না হওয়া পর্যন্ত সিডিউল বিপর্যয় হওয়া ট্রেনগুলো ডাউন লাইনে চলবে।”
দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধারের পর সিডিউল বিপর্যয়ে পড়া চট্টগ্রাম মেইল ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে যায় বলে জানান তিনি।
উদ্ধার কাজে আসা ট্রলিম্যান রফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে আমরা দেখতে পেয়েছি, ট্রেনটির চাকায় সমস্যা ছিল। সেটি উদ্ধার করে আশুগঞ্জের তালশহর নেওয়া হয়েছে। সেখান থেকে কিছু বগি সংযুক্ত করে ঢাকার দিকে রওনা দিবে।”
