Published : 17 Aug 2024, 05:19 PM
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বাকিতে সিগারেট না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে পেটানোর ঘটনায় আহত চা-দোকানির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে মঠবাড়িয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান।
নিহত ফারুক ভুঁইয়া (৩০) উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা।
নিহতের স্ত্রী রিজিয়া বেগম জানান, চড়কগাছিয়া আশ্রয়ণ প্রকল্প এলাকার পূর্ব পাশে তার স্বামী ফারুক চায়ের দোকান চালাতো। ৩১ মে রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় স্থানীয় শাওন হাওলাদার, শাহিন ও সুমন তার স্বামীর কাছে বাকিতে সিগারেট নিতে চায়।
তিনি জানান, এ সময় তার স্বামী তাদের কাছে আগের পাওনা টাকা চায় এবং বাকিতে সিগারেট দিতে না চাইলে এতে ক্ষিপ্ত হয়ে তারা তার স্বামীকে লোহার রড় দিয়ে পিটিয়ে আহত করেন।
রিজিয়া বেগম জানান, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তার স্বামীকে উদ্ধার করে প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে হস্তান্তর করে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যায়।
ওসি শফিকুল বলেন, এ হামলার ঘটনার পরে তিনজনকে আসামি করে নিহতের স্ত্রী রিজিয়া বেগ থানায় একটি মামলা করেছেন।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।