বরিশালে ট্রলারে উঠতে গিয়ে পা পিছলে নদীতে নিখোঁজ বৃদ্ধ
ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের একটি ডুবুরি দল নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করছে বলে জানান টিম লিডার।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ফেরিঘাট থেকে ট্রলারে উঠার সময় নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।
শনিবার সকাল ৮টায় উপজেলার নলুয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে বরিশাল সদর নৌ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার নজরুল ইসলাম জানান।
নিখোঁজ করিম খান (৬০) উপজেলার কবাই ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের বাসিন্দা মৃত রতন খানের ছেলে।
স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিসের টিম লিডার নজরুল ইসলাম বলেন, বাড়ি থেকে উপজেলার কলসকাঠি বাজারে যাচ্ছিলেন করিম। ফেরিঘাট থেকে ট্রলারে উঠার সময় পা পিছলে পান্ডপ নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।
ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের একটি ডুবুরি দল নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করছে বলে জানান টিম লিডার।
