‘চকলেট মনে করে ইঁদুর মারার বিষ খেয়ে’ ২ বোনের মৃত্যু
গর্তে রাখা ট্যাবলেট আকারের বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়ে শিশুরা।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ইঁদুর মারার বিষ খেয়ে দুই বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে ওই ইউপির চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ভূঁইয়া জানান।
নিহতরা হলো: ওই এলাকার ইলিয়াস মিয়ার চার বছর বয়সি মেয়ে ফাতেমা বেগম ও একই এলাকার কাশেম মিয়ার মেয়ে জান্নাত (৪)। তার সম্পর্কে মামাত ফুফাতো বোন।
শিশু দুটির স্বজনদের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন জানান, ইঁদুরের জন্য বাড়ির লোকজনই ঘরের পাশে মাটির গর্তে বিষ রেখেছিল। সেখানেই দুই শিশু খেলছিল। এক পর্যায়ে গর্তে রাখা ট্যাবলেট আকারের বিষ পেয়ে চকলেট মনে করে খেয়ে অসুস্থ হয়ে পড়ে শিশুরা।
স্বজনরা তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক এক শিশুকে মৃত ঘোষণা করেন। অপর শিশুকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানের চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
