২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ

পুলিশের লাঠিপেটায় বিএনপির অন্তত ১৫ নেতাকর্মী আহত হন বলে দলের মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খানের অভিযোগ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2022, 01:05 AM

Updated : 01 Sep 2022, 01:05 AM

জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিপেটা করে পণ্ড করেছে৷

বুধবার বিকালে নগরীর মণ্ডলপাড়ায় এ ঘটনায় অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছে বলে দাবি বিএনপির৷

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৪টায় নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের মণ্ডলপাড়ায় বিক্ষোভ মিছিল বের করা হয়৷ এতে পুলিশ বাধা দিলে ফায়ার সার্ভিসের সামনে প্রতিবাদী অবস্থান নেয় নেতা-কর্মীরা৷

“কিছুক্ষণ পর যুবদলের একটি মিছিল আসলে সদর থানার ওসির নেতৃত্বে পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে নেতা-কর্মীদের উপর লাঠিচার্জ করে৷”

পুলিশের লাঠিপেটায় মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, আমির হোসেন, জুয়েল প্রধান, শ্রমিকদল নেতা মাহবুব হোসেনসহ ১৫ জন আহত হয়েছেন বলে আব্দুস সবুর খানের ভাষ্য৷

মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাখাওয়াত হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করতে চেয়েছিলাম। পুলিশ বিনা কারণে কর্মসূচিতে লাঠিচার্জ করে৷”

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) নাজমুল হাসান বলেন, “প্রশাসনের অনুমতি ছাড়া সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিএনপির লোকজন কর্মসূচি শুরু করে৷ পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে৷”