‘ভোটের দ্বন্দ্বে’ নাটোরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
তাজপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে বলে জানান সিংড়া থানার ওসি আ স ম আব্দুন নূর।
‘ভোটের দ্বন্দ্বে’ নাটোরের সিংড়া উপজেলায় এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার তাজপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে বলে জানান সিংড়া থানার ওসি আ স ম আব্দুন নূর।
আহত আবু রায়হান (৪৫) উপজেলার সিংড়া হিজলি এলাকার অফিজ উদ্দিনের ছেলে। তিনি ইটালি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
এ ছাড়া নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া আসনের স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের অনুসারী বলে পরিচিত।
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত আবু রায়হান সাংবাদিকদের বলেন, “আমি স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের অফিস থেকে বাড়ি ফিরছিলাম। পথে বিএনপি প্রার্থী আনোয়ারুল ইসলাম আনুর সমর্থক সোহান, রমজান, আউয়াল, মিঠু, ফরহাদ, রবিউল আমাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়েছে।”
এ ব্যাপারে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ বলেন, “ধানের শীষের প্রার্থী আনু সাহেবের লোকজন বিএনপি নেতাকে কুপিয়েছে। আবু রায়হান বিগত ১৭ বছর দলের আন্দোলন সংগ্রামে ছিল। তিনি ত্যাগী নেতা। অপরদিকে যারা মেরেছে তারা হাইব্রিড বিএনপি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।”
তবে এ ব্যাপারে কিছুই জানেন না বলে স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন বিএনপি প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
সিংড়া থানার ওসি আ স ম আব্দুন নূর বলেন, ঘটনাটি শুনেছি। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
