Published : 15 Dec 2025, 02:53 PM
এক স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে শহরের শাহেদনগর ব্যাপারীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সদর থানার ওসি শহিদুল ইসলাম জানিয়েছেন।
গ্রেপ্তার জুয়েল রানা ওই এলাকার মোয়াজ্জেম আলীর ছেলে।
ওসি বলেন, জুয়েল বিয়ের কথা বলে মেয়েটির সঙ্গে শারীরিক সর্ম্পক করেন। এরপর বিয়ে না করায় ভুক্তভোগী স্কুল ছাত্রীর বড় বোন বাদী হয়ে ৯ ডিসেম্বর রাতে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেন।
এরপর ভুক্তভোগীর পরিবার ও ছাত্রদল নেতা জুয়েল বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনও করেন।
ওসি বলেন, মামলার পর জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।