ফরিদপুরে দুদকের মামলায় খাদ্য কর্মকর্তা জেলে
মামলায় এক কোটি ৩৫ লাখ ৮১ হাজার ৫০১ টাকার চাল, ধান ও গম আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে।
ফরিদপুরে দুদকের মামলায় সাবেক জেলা খাদ্য কর্মকর্তা তারিকুজ্জামানকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার বিকালে ফরিদপুর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক জিয়া হায়দার আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর দুদকের উপ-সহকারী পরিচালক ইমরান আকন জানান।
তারিকুজ্জামান (৪৫) বর্তমানে ঢাকায় কর্মরত আছেন।
একই মামলায় বোয়ালমারী উপজেলার উপখাদ্য পরিদর্শক সানোয়ার হোসেনও আসামি। তবে তিনি পলাতক রয়েছেন। দুজনের বিরুদ্ধে মামলায় এক কোটি ৩৫ লাখ ৮১ হাজার ৫০১ টাকার চাল, ধান ও গম আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে।
২০২৩ সালের ১১ এপ্রিল ফরিদপুর দুদকের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাশার মামলাটি করেন।
তদন্ত কর্মকর্তা বলেন, এরই মধ্যে মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ সহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
