১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

অটোভ্যান ভেঙে সড়কে পড়া ৩ জনের প্রাণ গেল কভার্ডভ্যান চাপায়

রিকশাভ্যানটির দুই চাকার মাঝে থাকা এক্সেল ভেঙে গেলে চালক ও যাত্রীরা সবাই সড়কের ওপর ছিটকে পড়ে যান।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2024, 01:48 PM

Updated : 10 Sep 2026, 12:23 PM

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত রিকশাভ্যান ভেঙে সড়কে ছিটকে পড়া তিনজন কভার্ডভ্যানের চাপায় মারা গেছেন। আহত হয়েছেন আরেকজন। 

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

এতে ঘটনাস্থলে একজন এবং সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান বলে জানান গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন।  

নিহতরা হলেন, রিকশাভ্যানটির চালক আব্দুল খালেক খন্দকার (৪৫) এবং দুই যাত্রী ঝর্ণা বেগম (৪০) ও তার ছেলে জাহিদ মিয়া (২৫)। 

ঝর্ণা বেগম উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী নয়াপাড়া গ্রামের মো. আব্বাস আলীর স্ত্রী। আব্দুল খালেক খন্দকার একই গ্রামের মাসিম খন্দকারের ছেলে। 

এ ঘটনায় আহত হয়েছেন মো. দুলু মিয়া (৫০) একই এলাকার গেল্লা মিয়ার ছেলে। 

সোমবার রাত সাড়ে ১০টায় ওসি মোজাফ্ফর বলেন, ব্যাটারিচালিত রিকশাভ্যানটি কয়েকজন যাত্রী নিয়ে বগুলাগাড়ী নয়াপাড়া থেকে গোবিন্দগঞ্জ উপজেলা শহরের দিকে যাচ্ছিল।

“পথে সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় রিকশাভ্যানটির দুই চাকার মাঝে থাকা এক্সেল ভেঙে যায়। এতে চালক ও যাত্রীরা সবাই সড়কের ওপর ছিটকে পড়ে যান। 

“এ সময় পিছন দিক থেকে আসা একটি কভার্ডভ্যান তাদেরকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ঝর্ণা বেগম মারা যান এবং আহত হন তিন জন।”

ওসি আরও বলেন, আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টায় আব্দুল খালেক খন্দকার ও জাহিদ মিয়া মারা যান। 

পুলিশ দুর্ঘটনায় জড়িত কভার্ডভ্যানটি আটকের চেষ্টা অব্যাহত রেখেছে বলেও জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।