২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনার পাথরঘাটায় আগুনে পুড়েছে ৪৩ দোকানপাট

ক্ষতিগ্রস্তদের দাবি, ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় অর্ধশত কোটি টাকা।

বরগুনার পাথরঘাটায় আগুনে পুড়েছে ৪৩ দোকানপাট

ফাইল ছবি

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2023, 10:52 PM

Updated : 25 Oct 2023, 10:52 PM

বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী বাজারে আগুনে পুড়ে গেছে ৪৩টি দোকানপাট।

বুধবার দুপুরে ওই বাজারের অঞ্জন গার্মেন্টস থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়দের বরাত দিয়ে জানান পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামান খান।

ক্ষতিগ্রস্তদের দাবি, ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় অর্ধশত কোটি টাকা।

আগুন নিয়ন্ত্রণে পাথরঘাটা ফায়ার সার্ভিসের সঙ্গে মঠবাড়িয়া, বামনা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের সঙ্গে স্থানীয়রা প্রায় ৪ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, বাজারে প্যারেন্টস মেডিকেল হল, শিপন, শুভংকর, নূরনবী মোল্লার দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

অন্য ক্ষতিগ্রস্তদের মধ্যে আছে- অঞ্জন, নয়ন ফার্মেসি, আনোয়ার, সবজি ও ফলের দোকান, আবু হানিফের মুরগির দোকান, সুমনের মুদির দোকান, বাদশা মিয়ার হার্ডওয়্যার দোকান কামালের দোকান, আরিফের মুদির দোকান, সালাউদ্দিনের মুদির দোকান, মুচি পট্টির চার/পাঁচটি দোকানসহ ৪৩টি ব্যবসায়ী দোকানপাট।

আগুন নিয়ন্ত্রণের সময় সেখানে পাথরঘাটার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালেহ, উপজেলা নির্বাহী কর্মকতা রোকনুজ্জামান খান, উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা গোলাম কবির, চরদুয়ানী ইউনিয়ন চেয়ারম্যান মো. আব্দুর রহমান জুয়েল, পাথরঘাটা ভূমি সহকারী মো. সালমান, থানার ওসি মো. শাহ আলম হাওলাদার, পরিদর্শক (তদন্ত) মো. সাইফুর রহমান, বরগুনা জেলা পরিষদ সদস্য মোহাম্মদ এনামুলসহ পাথরঘাটার উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

আব্দুর রহমান জুয়েল জানান, পাথরঘাটা উপজেলা পরিষদের পক্ষ থেকে আবাসিকে ক্ষতিগ্রস্তদের ৫ হাজার টাকা করে এবং স্থানীয় সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে নগদ ৫ হাজার টাকা করে অর্থ সহায়তা করেছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের খোঁজ-খবর নিয়েছেন।

তিনি আরও জানান, কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার ক্ষতিগ্রস্তদের আড়াই লাখ টাকা অনুদান দিয়েছেন।