সিরাজগঞ্জে যমুনার স্রোতে ভাঙন, বিলীন ১৫০ মিটার এলাকা
ভাঙনরোধে জিওব্যাগ ফেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জনিয়েছে পাউবি।
সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী এলাকার শাহজাহান মোড়ে দেখা দিয়েছে নদী ভাঙন।
রোববার ভোর থেকে শুরু হওয়া ভাঙনে এরই মধ্যে ১০০ থেকে ১৫০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে বলে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান।
তিনি বলেন, “ভাঙনরোধে জিওব্যাগ ফেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করছি, দুই একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।”
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রনজিত কর্মকার জানান, ওই একই স্থানে গত বছর ভেঙে গেলে অস্থায়ীভাবে মেরামত করা হয়েছিলো। স্থায়ী মেরামতের জন্য দরপত্র আহ্বান করা হলেও কাজ শুরু হয়নি। রোববার ভোর থেকে যমুনা নদীর উল্টো স্রোত পূর্বের ভাঙন স্থানে আঘাত হানে। ফলে সেখানে আবারও ভাঙন দেখা দিয়েছে।
ভাঙন আতঙ্কে স্থানীয় লোকজন তাদের বাড়িঘর অন্য জায়গায় সরিয়ে নিতে শুরু করেছেন। ইতোমধ্যে আশপাশের ২০/২৫টি বাড়িঘর অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। পাশের নদীতীর রক্ষা বাঁধের ওপরে নির্মিত রানীগ্রাম-রতনকান্দি আঞ্চলিক সড়কটিও ভাঙন ঝুঁকিতে রয়েছে।
পাঁচঠাকুরী এলাকার মুদি দোকানি আব্দুল বাছেদের অভিযোগ, “ড্রেজার মেশিন দিয়ে আশপাশের এলাকা থেকে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের কারণে নিচ থেকে মাটি সরে যাওয়ায় ভাঙন দেখা দিয়েছে।”
