মুন্সীগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
পরিদর্শক মিল্টন বলেন, ৩-৪ দিন আগে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহটি এখানে ফেলে রাখা হয়।
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় হাত-পা বাঁধা অজ্ঞাত পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার উপজেলার হাঁসাড়া-সিংপাড়া কেসি সড়কসংলগ্ন মৃত শামসু শেখের মালিকানাধীন একটি আবাদি জমি থেকে লাশটি উদ্ধার করা হয় বলে শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সড়ক দিয়ে চলাচলের সময় পথচারীরা তীব্র দুর্গন্ধ পান। পরে তারা জমির মধ্যে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
পরিদর্শক মিল্টন বলেন, ৩-৪ দিন আগে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহটি এখানে ফেলে রাখা হয়। নিহতের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে। তারা এসে আঙুলের ছাপ সংগ্রহ করলে পরিচয় নিশ্চিত হওয়া যাবে।
