সেই ইউএনও-ইমামের মধ্যে সমঝোতা
কুমিল্লার জেলা প্রশাসক ও অন্যান্যের উপস্থিতিতে ইউএনও ও ইমাম পরষ্পর কোলাকুলি করেন।
লালমাইয়ের ইউএনও মো. ফোরকান এলাহি অনুপম এবং ভাটরা কাছারী কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আবুল বাশারের মধ্যকার সমস্যা কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান মিটমাট করে দিয়েছেন।
ঘটনার দুদিন পর রোববার বিকালে জেলা প্রশাসক দুজনকে তার কার্যালয়ে ডেকে তাদের বক্তব্য শোনেন। পরে জেলা প্রশাসক ও অন্যান্যের উপস্থিতিতে ইউএনও ও ইমাম পরষ্পর কোলাকুলি করেন।
সমাধানের পর ইউএনও নিজের গাড়িতে করে ইমামকে নিয়ে ওই মসজিদে যান। দুজনে সেখানে একসঙ্গে নামাজ আদায় করেন।
বৈঠকে উপস্থিত কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া বলেন, “ইমাম ও ইউএনওর মধ্যে একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। জেলা প্রশাসক বিষয়টি নিয়ে ইমাম, ইউএনও, স্থানীয় চেয়ারম্যান, ইমাম সমিতির নেতা ও মসজিদ কমিটির নেতাদের নিয়ে বসে সমাধান করে দেন।
“ইমাম ওই মসজিদে স্বপদে বহাল থাকবেন। জেলা প্রশাসন সব সময় ইমাম ও মুয়াজ্জিনদের পাশে থাকবে”, বলেন পঙ্কজ বড়ুয়া।
জেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মিজানুর রহমান বলেন, “ডিসির উদ্যোগে লালমাইয়ের ইউএনও ও ইমামের বিষয়টি সমাধান হয়েছে। ডিসি মহোদয় আজ মাগরিব থেকে ইমামকে নামাজ পড়াতে বলেছেন। পরবর্তীতে কেউ হুমকি-ধমকি দিলে জেলা প্রশাসককে অবহিত করতে বলেছেন।”
শুক্রবার ভাটরা কাছারী কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে যান ইউএনও। তিনি গিয়ে ইমামের পেছনে (মুয়াজ্জিনের স্থানে) দাঁড়ান। তখন ইমাম ও মুয়াজ্জিন তাকে একটু সরতে বলেন।
নামাজের পর ইউএনও ইমাম ও মুয়াজ্জিনকে মসজিদের দক্ষিণ পাশের সরকারি পুকুরের পাড়ে ডেকে নেন। সেখানে দীর্ঘসময় ধরে তাদের নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে ইউএনও পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মসজিদ কমিটির একজনকে ডেকে আনেন এবং ইমামকে চাকরি থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন। এরপর ইমাম মাওলানা আবুল বাশার আর মসজিদে যাননি।
বিষয়টি নিয়ে রোববার বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান সব পক্ষকে ডাকেন। তিনি সবার বক্তব্য শোনেন। পরে বিষয়টি তিনি সমঝোতা করে দেন।
এ সময় সেখানে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, ইউএনও মো. ফোরকান এলাহি অনুপম, জেলা ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ, ইউপি সদস্য গোলাপ হোসেন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ক্বারি আবদুর রশিদ, সেক্রেটারি জহিরুল ইসলাম।
ইমাম মাওলানা আবুল বাশার বলেন, “নামাজ শুরুর আগে ইমামের পিছনে মোয়াজ্জিন থাকেন। তখন পিছনে অন্য একজনকে দেখে একটু সরতে বলি। পরে জানতে পারলাম উনি ইউএনও। তখন আমি ওনার কাছে সরি বলি। পরে উনি আমাকে পুকুরে চোবাবেন বলছেন। পরে আমাকে চাকরিচ্যুতির কথা জানানো হয়।
“বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে আমাদের নিয়ে বসা হয়। ইউএনও বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। পরে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে আমি মসজিদে ইমামতিতে যোগদান করি। আমি ডিসি স্যারের তাৎক্ষণিক এমন ব্যবস্থায় সন্তুষ্ট”, যোগ করেন ইমাম।
