৩ বছরের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১৫১ শয্যার: স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতালে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সুবিধাসহ নারী ও শিশুদের জন্য আলাদা শয্যা রাখা হবে।
তিন বছরের মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াৎ হোসেন বকুল।
তিনি বলেন, “আগামী তিন বছরের মধ্যে দেশের সব ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যার হাসপাতালে উন্নীত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।”
রোববার ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২৫টি শয্যা নারীদের, ২০টি শিশুদের এবং ১০টি কিডনি রোগীদের জন্য রাখা হবে। সেখানে ডায়ালাইসিসের ব্যবস্থাও করা হবে। এর মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবায় ব্যাপক পরিবর্তন আনা হবে।
তিনি বলেন, স্বাস্থ্য খাতে পাঁচ হাজার চিকিৎসক, আড়াই হাজার নার্স ও আড়াই হাজার টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায়ে হেলথ সেন্টার নির্মাণ করা হবে। এসব কেন্দ্রে চিকিৎসক ও নার্স থাকবেন। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ক্যান্সারের প্রাথমিক পরীক্ষা করবেন।
তিনি বলেন, “ফ্যাসিস্ট আমলে মানুষ হাসপাতালে ঠিকমত চিকিৎসা পেত না। সময়মত চিকিৎসক ও নার্স হাসপাতালে আসতেন না এবং রোগীদের সঙ্গে খারাপ আচরণ করা হত।”
এ ছাড়া ওষুধ বিক্রি করে দেওয়া হতো বলেও অভিযোগ করেন তিনি।
