Published : 28 Feb 2026, 11:48 PM
চব্বিশের জুলাই-অগাস্টে গণ-অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের মারা গেছেন।
শুক্রবার রাতে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জোয়াহেরের ভাতিজা বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল জানিয়েছেন।
এ ছাড়া সাবেক এ সংসদ সদস্যের মৃত্যুর খবর শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
তিনি বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টায় কলকাতায় একটি হাসপাতালে মারা যান ৬৯ বছর বয়সি জোয়াহেরুল ইসলাম। জোয়াহেরের স্ত্রী ও তিন মেয়ে রয়েছে।
শনিবার বিকাল ৫টায় কলকাতার নিউটাউনে একটি মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে কলকাতায় অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে জানান নাদেল।
জোয়াহেরের ভাতিজা সোহেল বলেন, গণ-অভ্যুত্থানের পর তিনি ভারতে চলে যান। কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতা শহরে নেওয়া হয়। সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি বলেন, পরিবারের সিদ্ধান্তে সাবেক এ সংসদ সদস্যের মৃতদেহ দেশে আনা হবে। আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে দ্রুত তার লাশ টাঙ্গাইলে আনা হবে।
জোয়াহেরের ভাই আতোয়ার রহমান সখিপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি বলেন, “আমরা চাই আমার ভাইয়ের মরদেহ গ্রামে আনা হোক। সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”