২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন পরবর্তী সহিংসতা: পুলিশের উপস্থিতিতেই সংঘর্ষ, আহত ২০

আহতদের মধ্যে ১৭ জনকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2024, 10:42 PM

Updated : 26 Aug 2026, 09:42 AM

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় পুলিশের উপস্থিতিতেই নির্বাচন পরবর্তী সহিংসতায় দুপক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। 

সোমবার দুপুরে নিত্যানন্দপুর ইউনিয়নের বাগুটিয়া গ্রামে পুলিশের উপস্থিতিতেই দুদল গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মেয়েরাও সংঘর্ষে জড়ান। 

আহতদের মধ্যে ১৭ জনকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

সংঘর্ষে আহত মশিউর রহমান জানান, উপজেলা নির্বাচনে নিত্যানন্দপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাস ও তার অনুসারীরা চেয়ারম্যান পদে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী শামীম হোসেন মোল্লাকে সমর্থন দেন। আর সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ ও তার অনুসারীরা সমর্থন দেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোস্তফা আরিফ রেজাকে। 

মশিউর আরও জানান, তারা দোয়াত-কলম প্রতীকের সমর্থক ছিলেন। কিন্তু ২১ মে দ্বিতীয় ধাপের নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বিজয়ী হন। 

নির্বাচনের পর থেকেই গ্রামে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব প্রকট হয়। 

সোমবার সকালে মাঠে কাজে গেলে মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা তাদের পক্ষের মতিন ও ছিয়ামকে মারধর করে। এর জেরে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। 

অপরদিকে, আহত মতিয়ার জোয়ার্দার বলেন, নির্বাচনে গ্রামের লোকজন দোয়াত-কলম ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থীর পক্ষে- বিপক্ষে বিভক্ত হয়ে পড়েন। নির্বাচনের পর থেকে দুদলের মধ্যে উত্তেজন সৃষ্টি হয়।  

সোমবার বেলা ১১টার দিকে দুপক্ষ ঢাল-সরকি, রামদা লাঠিসোঁটা ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। তাতে উভয় পক্ষের লোকজন আহত হন। 

শৈলকূপা থানার ওসি সৈয়দ শফিকুল ইসলাম চৌধুরী জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ছয়জনকে আটক করে থানায় আনা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।